আলীকদমে বিচারিক কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ: আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রতিমন্ত্রীর
আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবি | বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও বিচারিক কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান এমপির কাছে হস্তক্ষেপ ও বিশেষ সহযোগিতা কামনা করেছেন পার্বত্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
জানা গেছে, আলীকদম উপজেলার জনগণকে বিচারিক সেবা গ্রহণের জন্য প্রায় ১১১ কিলোমিটার দূরে বান্দরবান জেলা সদরে যাতায়াত করতে হয়। এতে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও শ্রমের অপচয় হচ্ছে। বিশেষ করে নারী, প্রবীণ, দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই দীর্ঘ দূরত্ব বিচারিক সেবা গ্রহণের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থ, ন্যায়বিচারে জনগণের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং আলীকদমসহ পার্শ্ববর্তী দুর্গম এলাকার বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও দ্রুত বিচারিক কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, আলীকদমে আদালতটি পুনরায় চালু হলে বিচারপ্রার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা সদরে যাওয়ার ভোগান্তি অনেকাংশে কমবে। পাশাপাশি দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য বিচারিক সেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে।
এ উদ্যোগের জন্য পার্বত্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির প্রতি আলীকদম উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এ ছাড়া আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আলীকদমের কৃতী সন্তান এম. মহিউদ্দিন বন্ধু (M Mohiuddin Bondhu)। তাঁর এই প্রচেষ্টাকে আলীকদমের মানুষের জন্য গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আলীকদমবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে আদালতটি পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং দুর্গম এলাকার মানুষ নিজ এলাকার কাছাকাছি থেকে বিচারিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।
মন্তব্য করুন