থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, দুই মিয়ানমারের নারীসহ আটক ৩
বান্দরবান, ১৮ জুলাই ২০২৬: বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী বংকুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মাতুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের বাংলাদেশি সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের মুয়ই ম্রো (৪৬)।
বিজিবি ও পুলিশ জানায়, আটক দুই নারী দাবি করেছেন যে মিয়ানমারের আরাকান আর্মিতে যোগ দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এ কারণে তারা প্রায় এক মাস আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন