ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় রোগীদের ১১.৮১ লাখ টাকা সহায়তা
নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউছুপ আলী।
মতবিনিময় সভায় হাসপাতালের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউছুপ আলী। তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ঈদগাহ মডেল হাসপাতাল দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করে আসছে।
তিনি জানান, গত এক বছরে হাসপাতালের নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও দুস্থ মানুষের চিকিৎসার জন্য মোট ১১ লাখ ৮১ হাজার ৭৪৭ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া মাতৃকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গর্ভবতী নারীদের জন্য বিশেষ চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। যেসব রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন হলেও তাৎক্ষণিকভাবে চিকিৎসার খরচ বহন করার সক্ষমতা নেই, তাদের জন্য ‘কর্জে হাসনা’ বা সুদমুক্ত ঋণের ব্যবস্থাও রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো অসহায় রোগী যাতে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এসব মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সভায় হাসপাতালের অর্থ বিভাগের মাওলানা আবু বকর ফরাজি, ম্যানেজার আবু বকর, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক কালের সমাজ প্রতিনিধি শেফাইল উদ্দিন, দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচ এন আলম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মিছবাহ উদ্দীন, দৈনিক ইনকি লাব প্রতিনিধি ছলিম উল্লাহ সেলিম, এশিয়ান টিভি প্রতিনিধি ওসমান গনি, মেহেদী প্রতিনিধি মনছুর আলম, দৈনিক হিমছড়ি প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি
আবু হেনা সাগর নেশন টুডে২৪ প্রতিনিধি আবু সাহেদ,দৈনিক কক্সবাজার ৭১ প্রতিনিধি আজিজুর রহমান রাজু, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি আবু বকর চৌধুরী এবং দৈনিক আজকের কক্সবাজার প্রতিনিধি মো. সেলিমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
মন্তব্য করুন