প্রেমের সম্পর্কের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আলীকদমে প্রধান আসামি গ্রেপ্তার
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হাকিম (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীকদম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা ইয়াছমিন আক্তার গত ১৩ আগস্ট ২০২৬ আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ১৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা নম্বর-০৪ রুজু করা হয়।
মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, আব্দুল হাকিম ও ভুক্তভোগী কিশোরী একই গ্রামের পাশাপাশি বসতবাড়ির বাসিন্দা। কিশোরী স্থানীয় রেপারপাড়া প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই রাতে বাদী তার ছোট ছেলেকে চকরিয়া থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে ফেরার পর মেয়েকে আব্দুল হাকিমের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে পরবর্তীতে তারা নানা টালবাহানা শুরু করে এবং আব্দুল হাকিম আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল হাকিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
মন্তব্য করুন