অনুদানের গাছের চারা বহনকারী গাড়ি আটকে অর্থ দাবির অভিযোগ, খাগড়াছড়িতে তোলপাড়
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক | খাগড়াছড়ি
খাগড়াছড়ির বিভিন্ন ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পাঠানো অনুদানের গাছের চারা বহনকারী একটি গাড়ি জিরোমাইল এলাকায় আটকে অর্থ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী হাসানুল করিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে দাবি করেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পাঠানো গাছের চারা শহরে প্রবেশের সময় জিরোমাইল এলাকায় কয়েকজন ব্যক্তি গাড়িটি আটকে দেন। তিনি জানান, গাড়িচালক ফোন করলে তিনি অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বলেন, এগুলো বিভিন্ন ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য পাঠানো অনুদানের গাছের চারা। জবাবে ওই ব্যক্তি বলেন, “তাহলে আমাদেরকেও অনুদান দেন। এক হাজার টাকা দিলেই হবে।”—এমন অভিযোগ করেন হাসানুল করিম।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকে এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ফেসবুক পোস্টের মন্তব্যে Rokin Tripura নামে একজন লেখেন, “জিরোমাইল তো আর দুর্গম এলাকা নয়। সেখানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও যৌথ চেকপোস্ট থাকার পরও যদি প্রকাশ্যে অর্থ দাবি করা হয়, তাহলে বিষয়টি উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি থাকা উচিত।”
স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
তবে নেশন টুডে২৪-এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া জেলা প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য
দেওয়া হয়নি।
মন্তব্য করুন