মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
**আন্তর্জাতিক ডেস্ক, নেশন টুডে২৪**
**প্রকাশিত:** ১১ জুন ২০২৬
**মেক্সিকো সিটি:** সব কিছু ঠিক থাকলে আগামীকাল থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছে মেক্সিকো। আর এই বৈশ্বিক মহাযজ্ঞকে কেন্দ্র করে দেশটিতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বকাপের ম্যাচগুলো চলাকালীন রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও ত্রুটিহীন করতেই প্রশাসন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ফুটবল সমর্থক মেক্সিকোতে জড়ো হচ্ছেন। আগত এই বিদেশি অতিথিদের যাতায়াত ও অবস্থান যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও আরামদায়ক হয়, সেদিকে সর্বোচ্চ নজর রাখছে দেশটির সরকার।
মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম এক বিশেষ নির্দেশনায় জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন সকল সরকারি কর্মচারীকে নিজ নিজ বাড়ি থেকে (ওয়ার্ক ফ্রম হোম) দাপ্তরিক কাজ সম্পাদন করতে হবে। একই সাথে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখারও আদেশ দেন। তবে স্কুলগুলো বন্ধ থাকাকালীন বিকল্প হিসেবে অনলাইন ক্লাস চালু হবে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে, যার বড় একটি অংশের ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলোতে। ফলে পুরো দেশ এখন ফুটবল উন্মাদনায় ভাসছে, আর সেই উন্মাদনাকে সুশৃঙ্খল রাখতে প্রস্তুত প্রশাসনও।
মন্তব্য করুন