নেশন টুডে২৪ নিউজ ডেস্ক:
কক্সবাজারের ঈদগাঁওতে আদরের মেয়ের এসএসসি পরীক্ষার ঈর্ষণীয় ফলাফল দেখে যেতে পারলেন না পিতা। মেয়ের ফলাফল প্রকাশের দিনই অনুষ্ঠিত হয়েছে বাবার কুলখানি। আনন্দের দিনে বাবাকে হারানোর শোক যেন আরও ভারী করে তুলেছে পরিবারের আনন্দ।
মরহুম মনজুরুল হক চৌধুরী ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ায়।
এদিকে তার মেধাবী কন্যা তাপসি হক রিমছি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫.০০ অর্জন করে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে। রিমছি কক্সবাজারের ঈদগাহ মডেল হাই স্কুলের কৃতি শিক্ষার্থী।
রিমছি পরীক্ষার সকল বিষয়ে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এ প্লাস (A+) পেয়েছে। তার এই সাফল্যের পেছনে মা-বাবা ও শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিরলস পরিশ্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছে পরিবার।
ভবিষ্যতে রিমছি একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। তার এই গৌরবোজ্জ্বল ফলাফলে পরিবার, স্বজন ও শিক্ষকরা আনন্দিত। তবে সাফল্যের এই মাহেন্দ্রক্ষণে বাবাকে পাশে না পাওয়ার কষ্টও রয়েছে তার মনে।
রিমছি একই এলাকার মরহুম ছৈয়দুল করিম চৌধুরীর নাতনি।
রিমছির মা শারমিন হক চৌধুরী তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
মন্তব্য করুন