নেশন টুডে২৪ নিউজ ডেস্ক:
বান্দরবানের আলীকদম উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ভোগান্তিতে পড়েছে মুসলিম শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এ সংকট চললেও কার্যকর সমাধান না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে কোনো মুসলিম বা ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক স্থায়ীভাবে কর্মরত নেই বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, বিদ্যালয়টির মোট শিক্ষার্থীর প্রায় ৬২ শতাংশ মুসলিম। অথচ এক যুগেরও বেশি সময় ধরে সেখানে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা প্রদানের জন্য স্থায়ী শিক্ষক না থাকায় মুসলিম শিক্ষার্থীদের নিয়মিত ধর্মীয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, প্রাথমিক পর্যায়ে শিশুদের নিজ নিজ ধর্ম ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষাদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনীয় শিক্ষক না থাকায় মুসলিম শিক্ষার্থীরা তাদের নির্ধারিত ধর্মীয় শিক্ষা যথাযথভাবে গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়ে অন্যান্য বিষয়ের পাঠদান নিয়মিত হলেও ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক সংকট দীর্ঘদিন ধরে রয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে অনেক অভিভাবককে বিদ্যালয়ের বাইরে অতিরিক্ত ব্যবস্থা নিতে হচ্ছে।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় অনুযায়ী নির্ধারিত ধর্ম ও নৈতিক শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় শিক্ষক পদায়ন বা বিকল্প কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
অভিভাবক ও স্থানীয়দের দাবি, আলীকদম উপজেলার যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক সংকট রয়েছে, সেসব বিদ্যালয়ের তালিকা করে দ্রুত প্রয়োজনীয় শিক্ষক পদায়নের উদ্যোগ নেওয়া হোক।
তারা আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার অধিকারও সমানভাবে নিশ্চিত করা প্রয়োজন।
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
আলীকদম, বান্দরবান
মন্তব্য করুন