ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
নেশন টুডে২৪ নিউজ ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিদায়ের আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে তিনি ছাত্রশিবিরকে নিজের “আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন” হিসেবে উল্লেখ করে বলেন, সংগঠনটির সঙ্গে কাটানো সময় তার জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ অধ্যায়। তিনি লেখেন, ছাত্রশিবির তাকে দেশ ও জাতি নিয়ে ভাবতে, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে এবং আত্মিক ও নৈতিক বিকাশের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিদায়ী বার্তায় তিনি সংগঠনের বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের কর্মীদের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাবে।
পরে গণমাধ্যমকে সাদিক কায়েম জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে বছরে দুই দফা সাংগঠনিক সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেই তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।
এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, চলতি ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনে কেন্দ্রীয় পর্যায়ের মোট ৯ জন সম্পাদকের সাংগঠনিক ছুটি হয়েছে।
মন্তব্য করুন